সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা
Giri Shaikat Desk
সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রাজু (৩০) নামে এক যুবককে ডেকে নিয়ে ইট ও লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে তারই প্রতিবেশীরা। নিহত রাজু ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে। শুক্রবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে একটি ছোট গাছ নিয়ে একই এলাকার দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এ সময় নিহত রাজুর এক আত্মীয় মো. আজম এক পক্ষ নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি দেখে রাজু তাকে ইফতারের সময় ঝগড়া না করার জন্য অনুরোধ করলে আজম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরে সবাই ঘটনাস্থল ত্যাগ করে।
কিন্তু এ ঘটনার জেরে রাত ৯টার দিকে মো. আজম, তার 4 ছেলে ও সহযোগী আনোয়ার রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ইট ও লাঠি দিয়ে রাজুর ওপর হামলা চালায়। একপর্যায়ে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
রাজুর বোন তাহমিনা আক্তার জানান, আজম তাদের আত্মীয়, সন্ধ্যার ঝগড়ার সময় রাজু তাকে থামাতে গেলে উল্টো আজম তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে রাতের দিকে আজম ও তার লোকজন বাড়িতে এসে রাজুকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আজমকে আটক করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আজমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।