সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল, মামলা দায়ের
সীতাকুণ্ড প্রতিনিধি ঃ
সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে সরবরাহকৃত পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬৩,২৭/০৭/২০২৬ ইং। মামলায় ৩৪ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়ি সংলগ্ন যৌথবাহিনীর ক্যাম্পে ব্যবহৃত পানি দিয়ে কয়েকজন পুলিশ সদস্য মুখ-চোখ ধোয়ার সময় শরীরে অস্বস্তি অনুভব করেন। পানিতে দুর্গন্ধ, এবং সাদা ফেনা দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপর তাৎক্ষণিকভাবে ওই পানির ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।
খবর পেয়ে চট্টগ্রাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। তদন্তে পানির সরবরাহ লাইনের একটি অংশ কেটে সেখানে বিষাক্ত কেমিক্যাল ঢুকিয়ে পুনরায় প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখার প্রাথমিক আলামত পাওয়া যায়।
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিম উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় পানির সরবরাহ লাইনের উৎস অনুসরণ করে কিছু দূরে জঙ্গলের মধ্যে কাটা পাইপ দেখতে পাওয়া যায়। সেখানে দুটি পানির লাইন ছিল—একটি স্থানীয় স্কুলে এবং অন্যটি পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ ক্যাম্পে পানি সরবরাহ করত। দুর্বৃত্তরা যৌথবাহিনীর লাইনের সংযোগ বন্ধ করে পাইপ কেটে তার ভেতরে বিষাক্ত কেমিক্যাল প্রবেশ করিয়ে পুনরায় প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সকালে পুলিশ সদস্যরা পানি ব্যবহার করতে গিয়ে বিষয়টি টের পাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অন্যথায় ওই পানি ব্যবহার করলে শিক্ষার্থীসহ যৌথবাহিনীর সদস্যদের প্রাণহানির মতো গুরুতর ঘটনা ঘটতে পারত।
অতিরিক্ত ডিআইজি নাজিম উদ্দিনের দাবি, জঙ্গল সলিমপুরকে ভূমিদস্যুমুক্ত করতে পরিচালিত যৌথবাহিনীর কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই এ ধরনের নাশকতার চেষ্টা করা হয়েছে। এর আগেও একই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, ক্যাম্পে হামলাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল।
এ ঘটনায় ৩ থেকে ৪ জন পুলিশ সদস্য সামান্য পেটের সমস্যায় আক্রান্ত হলেও চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করা হয়েছে। পাশাপাশি পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় একটি অন্তর্ঘাতমূলক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।