চট্টগ্রামের সীতাকুন্ডে পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বিকে সম্বর্ধনা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে এনে তাকে এই সম্বর্ধনা দেয়া হয়। এ সময় তার হাতে ফুল, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
তাছাড়া মেধাবি এই শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। তার পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ ও একটি মুদি দোকান প্রতিষ্ঠার পাশাপাশি উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাব্বি চমৎকার সাফল্য অর্জন করেছে। রাব্বির পরিবারের বসবাসের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ করে দেওয়া হবে এবং তার বাবাকে একটি মুদি দোকান করে দেওয়া হবে। এছাড়া রাব্বির উচ্চশিক্ষার পথ সুগম করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেসা বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।