সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

গিরি সৈকত ডেস্ক
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মাইশা মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে। এবং সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেছেন। চার ঘন্টা অবরোধের পর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের দাবি দাওয়া পুরনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাস শেষে বাড়ি ফেরার উদ্দেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঢাকামুখী লেনে দাঁড়িয়েছিলেন। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির লরি স্থানীয় রুটের একটি ৮ নম্বর বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তায় দাড়িয়ে থাকা শিক্ষার্থীদের ধাক্কা দেয়। এ ঘটনায় তিনজন আহত হন।