সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষ‘র বিরুদ্ধে মানববন্ধন
সীতাকুণ্ড প্রতিনিধি|
সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মো. নাসির উদ্দিন এর বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। গতকাল ১ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় কলেজ গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক ফোরাম সাবেক শিক্ষার্থী ও অভিভাবক এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহনকারীরা অধ্যক্ষ মো. নাসির উদ্দিন এর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সহ প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন। মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি মো. ইফতেখার আহমেদ জুয়েল।
মানববন্ধনে আনীত অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, ২০০৫ সাল থেকে বিদ্যালয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি। বিদ্যালয়টি এখন কলেজে উন্নীত হয়েছে।২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা-প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে বিদ্যালয়টি। ২০২৩ সালে আমি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হই। কলেজের এডহক কমিটির সাবেক সভাপতি ছিলেন মো. ইফতেখার আহমেদ জুয়েল। দায়িত্বে থাকাকালিন তিনি কোন অভিযোগ করেননি। এখন প্রস্তাবিত কমিটিতে তার নাম না থাকায় তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন বিষোধগার করে যাচ্ছেন। বিষয়টি খুবই দুঃখজনক।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, মানববন্ধন একটি শান্তিপূর্ণ কর্মসূচি। মানববন্ধন করার অধিকার সবার আছে । তবে মানববন্ধনের নামে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।